এবারও ডিজিটাল মাধ্যমে হবে নববর্ষ উদযাপন

১২ এপ্রিল, ২০২১ ১৩:৫৩  
সর্বাত্মক লকডাউনে এবারও আগামী এপ্রিল ডিজিটাল মাধ্যমেই উদযাপিত হবে বাংলা নববর্ষ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পর উৎসব উদযাপনের বিশেষ অংশী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট থেকেও সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানিয়েছেন, করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদযাপন করবে ছায়ানট। বর্ষবরণের প্রতীকী, সংক্ষেপ ও ডিজিটাল আয়োজনটি সাজানো হয়েছে মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন দিয়ে। বাংলা নববর্ষের প্রথম ভোরে বাংলাদেশ টেলিভিশন এটি সম্প্রচার করবে বলেও জানিয়েছে ছায়ানট। এর আগে গত ৭ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে বাংলা নববর্ষ আয়োজনের জন্য নির্দেশ দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন সাক্ষরিত নির্দেশনায় সকলকেই ভার্চুয়ালি বর্ষবরেণের আহ্বান জানানো হয়।